
দীর্ঘ দুই মাস পর ভোলার দুটি অভয়াশ্রমে আবারও শুরু হয়েছে মাছ ধরা। জাটকা সংরক্ষণে দেয়া এই নিষেধাজ্ঞা শেষে জাল ও নৌকা নিয়ে নদীতে নেমেছেন জেলেরা। দীর্ঘদিন পর জাটকা সংরক্ষণ শেষে ইলিশ ধরার আশায় তারা নদীতে নেমেছেন। ভোর থেকেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা শেষ হয়। সরকারি এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই নতুন আশায় নদীতে নামেন ভোলার প্রায় ৩ লাখ জেলে।
জেলেরা বলছেন, নিষেধাজ্ঞা মেনে চলায় পর্যাপ্ত ইলিশ পাওয়ার আশা করছেন তারা।
মাছ ধরে বিগত দিনের ক্ষতি পুষিয়ে নেয়ার আশাও করছেন তারা। তবে জ্বালানি তেলের দাম বাড়ায় খরচ বৃদ্ধি পাওয়ায় বিপাকে রয়েছেন জেলেরা। এছাড়া বৈরী আবহাওয়া, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় শুরুতে কিছুটা হতাশাও দেখা দিয়েছে তাদের মাঝে।
এর আগে টানা দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় বেকার ছিলেন জেলেরা। আয়ের পথ বন্ধ থাকায় ধার-দেনার মধ্যে কষ্টে চলেছে তাদের সংসার। তার ওপর জাল ও নৌকা তৈরি করতে নেয়া ঋণের কিস্তি পরিশোধের চাপও ছিল। ফলে বেশিরভাগ প্রান্তিক জেলে পরিবারের সদস্যদের নিয়ে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটিয়েছেন।
সরকারি তালিকায় থাকা জেলেদের খাদ্য প্রণোদনার চাল দেয়া হলেও তারা চরম আর্থিক সংকটে ছিলেন। শুধু জেলেরা নন, মাছ ব্যবসার সঙ্গে জড়িত আড়তদার ও ব্যবসায়ীরাও ছিলেন চরম দুশ্চিন্তায়।
Posted ৫:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২৬
Sangbad Dinrat | Editor & Publisher


