বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
২০২৬ সালের এ নিয়োগে দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। তবে এবার কতজন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
শুক্রবার (৯ অক্টোবর) সংবাদপত্র ও বাংলাদেশ পুলিশের আনুষ্ঠানিক মাধ্যমে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন করতে হবে https://police.teletalk.com.bd/) ওয়েবসাইটে।
আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে না।
টিআরসি পদে আবেদন করতে হলে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। বয়স নির্ধারণের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে পুরুষ ও নারী প্রার্থীদের জন্য পৃথক উচ্চতার শর্ত নির্ধারণ করা হয়েছে। সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
অন্যদিকে, সাধারণ কোটার নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বিশেষ কোটার নারী প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৫ ফুট ২ ইঞ্চি। নারী ও পুরুষ উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আবেদনপত্রে কোনো প্রার্থী মিথ্যা বা ভুল তথ্য দিলে কিংবা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করলে তার প্রার্থিতা বাতিল করা হতে পারে।
এমনকি নিয়োগ পাওয়ার পরও জমা দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে পড়ে সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণের পরামর্শ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়া এবং ইউজার আইডি পাওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি পরিশোধের বিষয়েও প্রার্থীদের সতর্ক থাকতে হবে।
এম.টি.আই/স.দি
Posted ৪:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Sangbad Dinrat | Editor & Publisher