তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য হতে পারে, ঐক্যের পর আর কোনো চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ শুক্রবার বিকেলে গাজীপুর চান্দনা চৌরাস্তা মোড়ে এনসিপি ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে উদ্দেশ্য করে বলেন, দেখে যান এখানে আমরা আছি আপনারা নেই। যেখানেই তাদের পাওয়া যাবে সেখানেই তাদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনাদের মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে রাখুন। বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করা হয় তাহলে ভারতের অখণ্ডতা থাকবে কিনা সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। বাংলাদেশ যদি শান্তিতে থাকতে না পারে ভারতও শান্তিতে থাকতে পারবে না।
তিনি আরো বলেন, অনেক রাজনৈতিক দল গোলটেবিল বৈঠক করে। আমরা বলি যে কোনো গোলটেবিল বৈঠক হবে না। যদি ঐক্য হতে হয় রাজপথে ঐক্য হতে হবে। রক্তে রক্তে সেই ঐক্য লেখা থাকতে হবে। কোনো গোলটেবিলে ঐক্য হবে না।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম শ্রমিকদের সন্তানদের জন্য চিকিৎসা ও শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানান।
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে দিল্লি সরকারকে আগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে বলেও তিনি দাবি করেন।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১০:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Sangbad Dinrat | Editor & Publisher