
শরীয়তপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জেলাটিতে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম।
আজ ৭ জুলাই (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ে মাঠ প্রশাসন-২ শাখা থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তাহসিনা বেগমকে শরীয়তপুর জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ১৯ জুন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে শরীয়তপুরের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে শরীয়তপুর থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার শৃঙ্খলা পরিপন্থি আচরণের সত্যতা যাচাইয়ের জন্য ২২ জুন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Posted ৭:৪২ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher


