
সিলেটের বিয়ানীবাজার উপজেলার কনকলস গ্রামের বাসিন্দা শিবির কর্মী মাহফুজের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের নির্দেশ রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার (০৬ সেপ্টেম্বর ২০২৪) রাত ১১টার দিকে মাহফুজের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
মাহফুজ আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কনকলস গ্রামের হেলাল আহমদ চৌধুরীর ছেলে। সিআর ৫১৩/২৩ নম্বর (ছাতক) মামলায় পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে এ পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ দেন ছাতক আদালতের বিচারক। ২০২৩ সালের ২ রা নভেম্বর মাহফুজের বিরুদ্ধে এই মামলা হয় (মামলা নম্বর-৬)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের দেওয়া মাল ক্রোকের নির্দেশের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে পুলিশের একটি বিশেষ দল মাহফুজের বাড়িতে অভিযান চালায়। তবে অভিযান কালে পুলিশ জানতে পারে মাহফুজের নিজস্ব কোনো সম্পত্তি নেই। সব সম্পত্তি বাবার নামে। যৌথ পরিবারে তাঁর নিজস্ব কোনো সম্পদ নেই।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহফুজ রাষ্ট্রদ্রোহী বিভিন্ন কাজের সাথে জড়িত। সে বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় এবং বিভিন্ন রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিদের ছবি বিকৃত করে সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে। এমনকি দেশের মধ্যে হানাহানি সৃষ্টি ইন্ধনকারী, ধর্মীয় উসকানি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কুৎসা রটনাকারী, তরুণ প্রজন্মকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজনৈতিক উৎসাহ প্রদান করে এবং রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ রয়েছে। ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারে থানা পুলিশ তৎপর রয়েছে।
Posted ১১:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


