
বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী গাড়ি খালে পড়ে ১০ জন নিহত হয়েছেন। আজ শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে হলদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর হোসেন ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু জানান, দুপুর ২টার দিকে হলদিয়া বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ও অটোরিকশা সেতুতে উঠলে সেতু ভেঙে খালে পড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি।
গাড়িতে থাকা ব্যক্তিদের ভাষ্য অনুসারে আরও তিনজন গাড়িটিতে ছিল। ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং বাসিন্দারা খালে ডুবে যাওয়া গাড়ি ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ১০ জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।
Posted ৬:০৯ অপরাহ্ণ | শনিবার, ২২ জুন ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


