
সিরাজগঞ্জের তাড়াশে কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন— বেহুলাপাড়ার আলামিন (২৮), মোছা. আকলিমা খাতুন (৫৫), মামুন (৩২), আব্দুল আলীম (৩৫), মনিরুল ইসলাম (২৬), শান্ত হোসেন (২২) প্রমুখ।
সোমবার (১৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের বেহুলাপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ছয়জনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিনসাড়ার বেহুলাপাড়ায় সামাজিক ভাগের মাংস ভাগাভাগির সময় ওই পাড়ার এক ব্যক্তি মাংস নিতে আসা নারীদের আগে মাংস দিতে বলেন। এসময় ওই সমাজের এক মাতব্বর তালিকায় যেমন ভাবে নাম আছে তেমন ভাবে মাংস ভাগাভাগির কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বাঁধে। তর্কের একপর্যায়ে নারীদের আগে মাংস দেওয়া না দেওয়া নিয়ে সমাজের কিছু সদস্য বিভক্ত হয়ে দুই পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় লাঠিসহ দেশীয় অস্ত্রের আঘাতে দুই পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন।
তাড়াশ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এঘটনায় এখনো দুই পক্ষের কেউ থানায় অভিযোগ করতে আসেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


