এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, পুরোনো রাজনৈতিক দলগুলোর ভেতর থেকেই ঘুণে ধরেছে। গত পাঁচ দশকের অভিজ্ঞতা প্রমাণ করে, বস্তাপচা ও ঘুণে ধরা রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশকে নতুন কিছু দিতে পারেনি। এ কারণেই তারা বারবার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে।
আজ (১৯ জুলাই) বরিশাল মহানগর ও জেলা এবি পার্টির উদ্যোগে অনুষ্ঠিত কমিটি গঠন ও গণযোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আজ আমরা এমন বাস্তবতা দেখছি যেখানে প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপনের কথা বলা হলেও তাঁর মন্ত্রী-এমপিদের অনেকের আচরণ জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একইভাবে শহীদ জিয়ার আদর্শের বিএনপিকেও তাদের অনেক নেতাকর্মীর বক্তব্য ও আচরণে খুঁজে পাওয়া যায় না।
ফুয়াদ বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। জনগণ পরিবর্তনের আশা নিয়ে ভোট দিয়েছে। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, তারা যদি জনগণের সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় বা পুরোনো ভুলের পুনরাবৃত্তি করে, তাহলে জনগণ তাদেরও কঠিন জবাব দেবে। বাংলাদেশের মানুষ এখন জবাবদিহিমূলক, মানবিক ও অধিকারভিত্তিক রাজনীতি চায়।
Posted ১১:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২৬
Sangbad Dinrat | Editor & Publisher