
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। ফাইল ছবি
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দিগ্ধ এক যুবকের ছবি প্রচার হয়েছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথা লক্ষ্য করে বোতল নিক্ষেপ করার ঘটনায় সন্দিগ্ধ ওই যুবককে শনাক্তের চেষ্টা চলছে। তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক ঘটনার তদন্তে গোয়েন্দা পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং একাধিক টিম এই তদন্তে নিয়োজিত রয়েছে।
এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারা হয়। বোতল ছুড়ে মারার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় ভিড়ের মধ্য থেকে এক যুবক বোতল ছুড়ে মারেন। ওই যুবকের মাথায় ছিল ক্যাপ। পাশেই ছিলেন পুলিশ সদস্যরা। পুলিশ ওই যুবককে কিছু একটা জিজ্ঞেস করতেও দেখা যায় ভিডিওতে।
Posted ১২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher


