
‘মানুষের জীবন একটাই, চলে গেলে আর আসে না। তাই চিকিৎসায় কোনো অবহেলা মেনে নেব না। আমার একটাই কথা কোয়ালিটি চিকিৎসা চাই। কোয়ান্টিটি না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর ঠিক করেছি সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা সরজমিনে দেখব। সেটার অংশ হিসেবে প্রতিদিন বিভিন্ন হাসপাতালে যাচ্ছি। সেখানকার চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলছি। এ ক্ষেত্রে আমার পর্যবেক্ষণ হলো হাসপাতালগুলোকে আরও যত্নশীল হতে হবে। কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটির দিকে নজর দিতে হবে। প্রতিটি বড় হাসপাতালে যেন গরীব রোগীদের একটা পার্সেন্টেজ থাকে। যাতে তাদের পক্ষে চিকিৎসা সেবা নেয়াটা সম্ভব হয়।’
এর আগে আজ সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডাক্তার ও রোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসরুম পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবার বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান প্রমূখ উপস্থিত ছিলেন।
Posted ৭:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


