
ট্রেনে ঈদ যাত্রার তৃতীয় দিন শুক্রবার। যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য প্লাটফর্মে একের পর এক ট্রেন আসছে। আর ট্রেনে উঠে নিজ গন্তব্যে স্বাচ্ছন্দ্যে গমন করছেন যাত্রীরা।
এখন পর্যন্ত কোনো ধরনের ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি বলে জানিয়েছে কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ। এ ছাড়া, যাত্রীদের সঙ্গে কথা বলেও শিডিউল বিপর্যয়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্টেশনে ঈদ যাত্রীদের সংখ্যা বাড়ছে। পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরতে কমলাপুর স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে অবস্থান করছেন অনেকে। প্ল্যাটফর্মে কয়েক জোড়া ট্রেন অপেক্ষা করছে নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য।
এদিকে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে শুক্রবার থেকে সারা দেশে ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।
বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার দ্বিতীয় দিনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
জানা গেছে, ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে চাঁদপুর ঈদ স্পেশাল (১ ও ৩) চট্টগ্রাম-চাঁদপুর; চাঁদপুর ঈদ স্পেশাল (২ ও ৪) চাঁদপুর-চট্টগ্রাম; ময়মনসিংহ ঈদ স্পেশাল (৫ ও ৬) চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (৭ ও ৮) ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরে ৫ দিন চালানো হবে। এ ছাড়া কক্সবাজার ঈদ স্পেশাল (৯ ও ১০) চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদের আগে (৮ ও ৯) এপ্রিল ও ঈদের পরের দিন থেকে তিন দিন চলাচল করবে।
Posted ১২:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


