
সরকারী দল আওয়ামীলীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও মূলত: তারা ধর্মবিমূখ দল। তাদের আসল আদর্শ হলো ধর্মবিমুখতা। ধর্মকে ব্যবহার করে তারা সবসময় ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় আসার পর তারা ধর্মের বিরুদ্ধে খড়গহস্ত হয়। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপর সবচেয়ে বেশী নির্যাতন করেছে আওয়ামীলীগ। অন্যায়ভাবে তাদের সম্পত্তি দখলের ঘটনাগুলোর জন্য আওয়ামীলীগ নেতারাই দায়ী।
আজ এবি পার্টির গণ-ইফতার কর্মসূচির ২য় দিনে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে এসব অভিযোগ করেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
এবি পার্টি ঘোষিত মাসব্যাপী গণ-ইফতার কর্মসূচিতে আজও প্রায় সহস্রাধিক জনতা একসাথে বসে ইফতার করে রাজধানীর বিজয় নগরস্থ বিজয়-৭১ চত্বরে।
দলের সহকারী সদস্য সচিব শাহাদাত উল্লাহ টুটুলের সঞ্চালনায় আজকের ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আ.আ.ম আরিফ বিল্লাহ্।
এসময় বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমূখ।
ড. আ.আ.ম আরিফ বিল্লাহ্ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ইসলামি ইতিহাস ঐতিহ্যের দেশ। এখানে হাজার বছর ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একত্রে ইফতারে শামিল হন। কিন্তু এমন ফ্যাসীবাদ আমাদের ঘারে চেপে বসেছে যারা এখন ইফতার মাহফিল বন্ধেরও হুকুম জারী করছে। কাজেই আমাদের এই সমস্ত ইসলাম বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করতে হবে। ইসলামের মৌলিক বিষয় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় আমাদের ভুমিকা রাখতে হবে। এবি পার্টি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে, গত বছরও তাঁরা মাসব্যাপী সাধারণ মানুষকে নিয়ে ইফতার করেছে, এবছরও জনগণের জন্য কাজ করছে, এবি পার্টিকে সাধুবাদ জানাই।
তিনি আরও বলেন, জনগনকে সকল অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠতে হবে। নিজেদের অধিকার আদায়ে ভুমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার বলেন, আমরা জনগণের সেবায় সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করেছি। আমাদের এই গণ ইফতার শুধু খাবার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনারা যারা ইফতারে আসছেন তাদের জন্য আমরা চিকিৎসা সেবা নিয়েও পরিকল্পনা করছি। আমরা ফ্রী মেডিক্যাল ক্যাম্প করবো ইনশাআল্লাহ।
গণ ইফতারে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনোয়ার ফারুক, যুগ্ম সদস্য সচিব কেফায়েত হোসেন তানভীর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নুসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Posted ৮:৪২ অপরাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


