তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আকার আরও বাড়ল। নতুন করে যুক্ত হয়েছেন ছয়জন। তাদের মধ্যে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান।
নতুন মন্ত্রী হলেন যারা:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। তথ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে শপথ নেন এম রশিদুজ্জামান মিল্লাত । তিনি এর আগে প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
নতুন প্রতিমন্ত্রী হলেন যারা:
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
Posted ৯:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Sangbad Dinrat | Editor & Publisher