৫ আগস্ট আজ, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। ছাত্র-জনতার রক্তস্নাত ঐতিহাসিক এই অভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলো আজ। জুলাই বিপ্লবীদের ভাষায় যা পরিচিত ‘৩৬ জুলাই’ নামে। দীর্ঘ দেড় দশকের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের অসামান্য প্রাণবলিদান ও রক্তের বিনিময়ে অর্জিত সেই গৌরবময় বিজয় আজ যথাযোগ্য মর্যাদায় স্মরণ করছে গোটা দেশ।
রাষ্ট্রীয় ছুটি, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন এবং শহীদ পরিবারকে সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার বাণীতে মহান জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ স্মরণের পাশাপাশি একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। এই বিজয় বীর ছাত্র-জনতার। এত ত্যাগের বিনিময়ে অর্জিত জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করার তাগিদ দিয়ে তিনি বলেন, বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না।
Posted ৯:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬
Sangbad Dinrat | Editor & Publisher