
ফেব্রুয়ারি মাসে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত ও ১ হাজার ১৮১ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু ও ১১ জন আহত এবং নৌপথে ছয়টি দুর্ঘটনায় চারজনের মৃত্যু ও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে যাত্রী কল্যাণ সমিতি এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, দেশের গণমাধ্যমে ফেব্রুয়ারি মাসে ৪৪৭ জন নিহত ও ১ হাজার ১৮১ জন আহতের তথ্য প্রকাশিত হয়েছে। এই সময়ে রেলপথে ৩৪ টি দুর্ঘটনায় ২৬ জন নিহত, ১১ জন আহত, নৌপথে ৬ টি দুর্ঘটনায় নিহত ৪ জন ও আহত ৫ জন হয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৪৮৮ টি দুর্ঘটনায় ৪৭৭ জন নিহত এবং ১ হাজার ১৯৭ জন আহত হয়েছেন।
সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে মোটরসাইকেল, যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৭০ শতাংশ। ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত, ১৩৭ জন আহত হয়েছে। শতকরা হিসাবে নিহত ৩৭ দশমিক ৩৬ শতাংশ ও আহত ১১ দশমিক ৬০ শতাংশ।
সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে বরিশাল বিভাগে। ২২টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এই মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৪২ দশমিক ৬৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৫ দশমিক ৪৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৭ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এ ছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৩ দশমিক ৩৪ শতাংশ ঢাকা মহানগরীতে, ০ দশমিক ৪৪ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ১ দশমিক ১১ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।
Posted ৩:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
Sangbad Dinrat | Editor & Publisher


