
নবম পে-স্কেল নিয়ে প্রহসনের প্রতিবাদে ও বৈষম্যহীন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীবৃন্দ।
বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে এ কর্মসূচি পালন করেন তারা। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেল বাস্তবায়ন না হলে কঠোর হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ইবির সহায়ক কর্মচারী সমিতির সভাপতি শাহীনুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন তৃতীয় শ্রেণির কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক অঞ্জন-উর রহমান, সহায়ক কর্মচারী সমিতি সদস্য আসাদ আলী এবং টেকনিক্যাল সমিতির নির্বাহী সদস্য লাল্টু হোসেন।
এসময় তারা বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে আমরা অবহেলিত ছিলাম। বর্তমানের সরকারও আমাদের পে-স্কেল নিয়ে প্রহসন শুরু করছে। আমরা আশা করছি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বৈষম্যহীন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার। পে-স্কেল নিয়ে আর কোনো প্রহসন হলে কেন্দ্রীয় আদেশে ৬৮ টি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করে দিব।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সদস্য আব্দুর রহিম বলেন, বর্তমান সরকার এখন বলছে পে-স্কেল ঘোষণার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। সরকারকে বলতে চাই, যখন পে-কমিশন গঠন করেছিলেন তখন কোথায় ছিলেন? দেশের সকল কর্মকর্তা-কর্মচারীদের কেন স্বপ্ন দেখালেন? আপনারা যখন স্বপ্ন দেখিয়েছেন তখন তা বাস্তবায়ন করতেই হবে। এটি দেশের সকল কর্মচারীর অধিকার এবং দাবি।
Posted ১:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher


